চট্টগ্রামে হেলে গেছে ছয়তলা ভবন, আতঙ্কেবাসিন্দারা
চট্টগ্রাম নগরের বিবিরহাট এলাকায় ছয়তলা একটি ভবন প্রায় এক ফুট হেলে গেছে। গতকাল শনিবার সকাল থেকে বিষয়টি আঁচ করতে পেরে ওই ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাসিন্দাদের বের করে দিয়ে প্রশাসন ভবনটি সিলগালা করে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিবিরহাটের শ্যামলী আবাসিক এলাকার কোহিনুর ম্যানশন নামের ছয়তলা ভবনটি পাশের অন্য একটি ভবনের দিকে হেলে গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভবনটি প্রায় এক থেকে দেড় ফুট হেলে গেছে। গতকাল সকালে বিষয়টি দেখার পর ভবনের বাসিন্দা ১২টি পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তা প্রশাসনকে জানায়।
ছয়তলার বাসিন্দা মো. নূরুন্নবী জানান, ‘ভবনটি যে হেলে গেছে, তা আমার বাসায় বসে আমি টের পাচ্ছিলাম। পরে বের হয়ে দেখি পাশের এবিসি হাউস নামের ভবনের ওপর এটি দেড় ফুট পর্যন্ত ঝুঁকে পড়েছে। পরে আমরা প্রশাসনকে অবহিত করি।’
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা ভবনটি দেখে হেলে পড়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর ১২টি পরিবারকে সেখান থেকে বের করে দিয়ে সিলগালা করে দেন সিডিএর ম্যাজিস্ট্রেট আশরাফুল আমিন।
এ বিষয়ে সিডিএর নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘ভবনটি কিছুটা হেলে পড়েছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে। এতে কিছুটা ঝুঁকি দেখা দিয়েছে। তাই আমরা ভবনটি সিলগালা করে দিয়েছি। ভবনের মালিক এলে নকশা দেখে পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাশের পাঁচতলাবিশিষ্ট এবিসি হাউস নামের ভবনটির বাসিন্দাদেরও নিজ উদ্যোগে অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়।
কোহিনুর ম্যানশনের মালিক মাহবুব আলম মধ্যপ্রাচ্যপ্রবাসী। সিডিএর লোকজন তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি আজকালের মধ্যে দেশে ফিরে আসবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন।