চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রাম নগরে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়াল পাড়ায় আজ শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের লোকজন উপস্থিত হয়েছেন।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। পাশের যে ভবনের দিকে এটি হেলে পড়েছে, সেই ভবনের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

ভবনটি হেলে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই দুই ভবনসহ আশপাশের এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় কার্তিক ঘোষের পরিবার ওই ভবনে থাকেন। সম্প্রতি ভবনটি বর্ধিত করার জন্য পাশে পাইলিংয়ের কাজ শুরু করা হয়। এ সময় ভবনটি হেলে পড়ে।