চট্টগ্রামে হোটেল কক্ষ থেকে শ্রমিকনেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকার একটি হোটেল থেকে আজিম চৌধুরী (৫৫) নামের এক পরিবহন শ্রমিকনেতার লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। তিনি বাংলাদেশ আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসম্পাদক।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, আজিমের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি হোটেলে একা থাকতেন। তিনি হৃদরোগী ছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও এটি স্বাভাবিক মৃত্যু কি না, তা বোঝা যাচ্ছে না।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
ওসি বলেন, লাশটি কক্ষের মেঝে থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দু-এক দিন আগে তাঁর মৃত্যু হয়। পরিবার থানায় কোনো মামলা করেনি।