চট্টগ্রামে হোটেল থেকে ১৪ তরুণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা ১৪ তরুণকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নগরের পাঠানটুলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের উদ্ধার করা হয়। এই তরুণদের বয়স ২০ থেকে ৩০ বছর।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাঠানটুলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ তরুণকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাঁদের বেশির ভাগের বাড়ি মাদারীপুরে। দালালদের পরিচয় বের করতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা কেউ ইতালি, কেউ লিবিয়া, কেউ মালয়েশিয়া যাওয়ার জন্য দালালদের মাধ্যমে হোটেলটিতে জড়ো হয়েছিলেন। সেখান থেকে তাঁদের বিমানে করে ওই সব দেশে পাঠানোর কথা ছিল। তিন দিন ধরে তাঁদের ওই হোটেলে রাখা হয়।