চট্টগ্রামে হোটেল থেকে ফেলে ব্যবসায়ীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকার একটি হোটেলের তিনতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে ওই এলাকার হিমালয় আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে হোটেলের কর্মচারীদের সঙ্গে মাছ ব্যবসায়ী সাহেব আলীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সাহেব আলীকে তিনতলা থেকে ফেলে দেন। আশপাশের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, সাহেব আলীর বাড়ি ভোলার চরফ্যাশনে। এ ঘটনায় তাঁর ভাই শুক্কুর আলী গতকাল সোমবার ডবলমুরিং থানায় হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর হোটেলের কর্মচারীরা পালিয়ে গেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।