চট্টগ্রামে ১০ আলেমকে হত্যার পরিকল্পনা, আট শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ১০ জন আলেমকে হত্যার পরিকল্পনার ষড়যন্ত্রের অভিযোগে গতকাল সোমবার আটজন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ওই আলেমদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানোর পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার হওয়া শিবির কর্মীরা হলেন মাহমুদুল হাসান (২০), আবদুর রহমান বিশ্বাস (১৯), ওসমান গণি (২০), আরিফুর রহমান (২৬), মো. ইউনুস (২৩), আশরাফ উল্লাহ (২৭) ও মো. জসিম উদ্দিন (২৩)। গ্রেপ্তার করার সময় মাহমুদুলের পকেটে একটি তালিকা পাওয়া যায়। এতে ১০ জন আলেমের নাম রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবির কর্মী মাহমুদুল হাসান গতকাল বিকেলে ওই ১০ আলেম সম্পর্কে জানতে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার জামেয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় যান। এই ১০ আলেম হলেন মাদ্রাসার শিক্ষক আশরাফুজ্জামান আল কাদেরী, জালাল উদ্দিন আল কাদেরী, উবায়দুল হক নয়মী, জয়নাল আবেদীন জুবাইর, ছগীর আহমদ উসমানী, অছিয়ার রহমান, আবুল কাশেম নূরী, আবদুল ওয়াজেদ, মুফতি ইউনুস ও মো. তাওহীদ। এসব আলেম বিভিন্ন সময়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর তাফসিরের সমালোচনা করে আসছিলেন।এলাকাবাসী জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় লোকজন সুন্নিয়া মাদ্রাসার কাছে শ্যামলী আবাসিক এলাকা থেকে বিকেলে মাহমুদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। মাহমুদুলের তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার ইছহাক বিল্ডিংয়ের তৃতীয় তলার ২৫ নম্বর কক্ষ থেকে আবদুর রহমানসহ বাকিদের গ্রেপ্তার করা হয়। কক্ষটি শিবিরের নেতা-কর্মীরা মেস হিসেবে ব্যবহার করেন।পাঁচলাইশ থানায় মাহমুদুল নিজেকে শিবির কর্মী বলে প্রথম আলোর কাছে দাবি করে বলেন, এই ১০ জন আলেম বিভিন্ন সময়ে সাঈদীর কোরআনের তাফসির নিয়ে সমালোচনা করেছেন। তাই তাঁদের শায়েস্তা করার জন্য তালিকা তৈরি করে কে কোথায় আছেন খোঁজ নিতে গিয়েছিলাম।’মাহমুদুল আরও বলেন, ‘আমাদের নেতা আবদুর রহমানের পরামর্শে আমরা এই কাজের পরিকল্পনা করি। রোববার রাত নয়টায় সাত-আটজন মিলে সুন্নিয়া মাদ্রাসার আলেমদের তালিকা তৈরি করেছি।’ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক উবায়দুল হক প্রথম আলোকে বলেন, ‘ভিন্নমত পোষণ করলে ওরা (শিবির) সহ্য করে না।’পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ জড়িত আছে কি না, বের করার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন।