চট্টগ্রামে ১০ জন গ্রেপ্তার, ১০টি চোরাই অটোরিকশা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ১০ জনকে গ্রেপ্তার ও ১০টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গত দুই দিন চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং অটোরিকশাগুলো উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ১০ জনকে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ উপলক্ষে বিফ্রিংও করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জামাল উদ্দিন (৩৪), মো. রফিক ওরফে জাকির (৩৫), মো. আজিজুল হক (৪০), মো. ইব্রাহিম খলিল (৪১), মোহাম্মদ হারুন (৫৫), মো. জাহাঙ্গীর আলম (২৮), মো. মকবুল হোসেন (২৮), মোহাম্মদ মনির (৪৫), মোহাম্মদ সেলিম (৩৭) ও সামশুজ্জামান ওরফে শান্ত (৩৯)। জানা যায়, তাঁদের মধ্যে জামাল চোর চক্রের সর্দার, আজিজুল দালাল এবং হারুন চোরাই অটোরিকশার ক্রেতা।পুলিশ সূত্র জানায়, ৬ এপ্রিল বিকেলে কর্ণফুলী থানা এলাকায় একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় মামলা হয়। এর সূত্র ধরে পুলিশ অভিযান শুরু করে। কোতোয়ালি থানার একজন উপপরিদর্শক (এসআই) প্রথমে চোরের সর্দার জামালকে গ্রেপ্তার করেন। জামালের তথ্যের ভিত্তিতে অন্যদের নাম-পরিচয় সংগ্রহ করে অভিযানে নামে পুলিশ। গতকাল ও গত বুধবার নগরের কোতোয়ালি, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও এবং জেলার রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী থেকে পুলিশ অপর নয়জনকে গ্রেপ্তার ও ১০টি চোরাই অটোরিকশা উদ্ধার করে।মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘নিত্যনতুন কৌশল অবলম্বন করে চোরেরা সিএনজিচালিত অটোরিকশা চুরি করছে। আমরা কয়েকজন চোরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাব। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়া গেলে তদন্তে গতি আসবে বলে আশা করছি।’ব্রিফিংয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক সদীপ কুমার দাশ বলেন, ‘বাংলাদেশে কোন মালিকের অটোরিকশা নষ্ট বা চুরি হয়েছে, তা এই চক্রের সদস্যরা জানে। তারা বিআরটিএ থেকে সংশ্লিষ্ট অটোরিকশার মালিকের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁর বাড়িতে চলে যায় এবং নষ্ট বা চুরি হওয়া অটোরিকশার লাইসেন্স চড়া দামে কেনে। এরপর চোরাই অটোরিকশার চেসিস নম্বর পরিবর্তন করে ওই লাইসেন্স সংযুক্ত করে দেয়। পরে এ রকম চোরাই অটোরিকশা লাইসেন্সসহ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়।’