চট্টগ্রামে ১০ ডিসেম্বর থেকে আরেকটি বিজয় মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। ১০ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান। তাঁর উদ্যোগেই গতকাল সংবাদ সম্মেলন হয়। এর আগে বিজয় মেলা পরিষদের উদ্যোগে আউটার স্টেডিয়ামে ২২ বার মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত এর আগে ১ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বাধীন সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ব্যানারে লালদীঘি ময়দানে ২০ দিনব্যাপী আরেকটি মেলা শুরু হয়। ওই মেলার উদ্বোধন করেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ।গতকাল সংবাদ সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিজয় মেলার মাধ্যমে ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই গত ২২ বছর ধরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করে আসছি।’ মহানগর ছাড়াও চট্টগ্রামের ১৪টি উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে। নগর ও উপজেলার কোনো বিজয় মেলায় জুয়া, হাউজি বা অন্য কোনো অবৈধ ব্যবসার ক্ষেত্র তৈরি করা যাবে না। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দেন। মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, বিজয় মেলাকে নিয়েও কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে। তারা মেলার নামে, ধর্মের নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চক্রান্ত করছে। তিনি বলেন, এবারের মেলায় প্রায় ৩৫ লাখ টাকার বাজেট ধরা হয়েছে। মেলায় মোট ২৫০টি স্টল থাকবে।