চট্টগ্রামে ১০ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল রোববার বিকেলে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম নগরের মুসলিম হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্জুর আলম বলেন, একুশ বাঙালি জাতির সব প্রেরণার উৎস হিসেবে দীপ্তিমান হয়ে আছে। তাই যেকোনো সংকটে বাঙালি একুশের কাছে ফিরে যায়।অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় মোট ২০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরিতে থাকা দুর্লভ প্রাচীন বই প্রদর্শিত হবে একটি স্টলে। প্রতিদিন বিকেলে মেলা প্রাঙ্গণে স্থাপিত ‘একুশে মঞ্চে’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।সিটি করপোরেশনের সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর রেহানা বেগম প্রমুখ।