চট্টগ্রামে ১০ রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার বিক্রির অভিযোগে ১০টি রেস্তোরাঁকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আলম ও রাকিব হাসান গতকাল সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নগরের অভিজাত বিপণিবিতান স্যানমার ওশান সিটিতে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, স্যানমার ওশান সিটির ষষ্ঠ তলায় অবস্থিত হোম ফুডকে ১০ হাজার টাকা, মামস ইয়ামকে ২০ হাজার টাকা, কিং বার্গারকে পাঁচ হাজার টাকা, এক্সিলেন্ট ফুডকে ১০ হাজার টাকা, কিচেনকে ২০ হাজার, সুপেরিয়ামকে ২০ হাজার, চিলি অ্যান্ড গ্রিলকে ২০ হাজার, গুড ইটকে ২০ হাজার, ইম্পেরিয়ালকে ১৫ হাজার এবং ফুড ক্যাসেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে আসছে; পাশাপাশি বাসি খাবারও বিক্রি করছে। তাই জরিমানা করা হয়েছে। দোকানগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।