চট্টগ্রামে ১০২৫ কেজি বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকার একটি সেমিপাকা গুদামঘর থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে এক হাজার ২৫ কেজি বিস্ফোরক দ্রব্য (সালফার) উদ্ধার করা হয়েছে। এ সময় গুদামের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরকগুলো ২১টি বস্তায় ভরা ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার পটিয়ার কুলাগাঁও এলাকার সুমন বসাক (২১), কুমিল্লার তিতাস উপজেলার মনির হোসেন (২৩) ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার লিপন চন্দ্র নাথ (২৬)। গুদামের মালিক পানওয়ালা পাড়ার ছাগির হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
র্যাব দাবি করছে, গুদামের মালিক ছাগির হোসেন জামায়াতের সমর্থক। ওই গুদাম থেকে এক বছর ধরে ককটেল তৈরিসহ নাশকতায় ব্যবহূত বিস্ফোরক সরবরাহ করা হচ্ছে। র্যাব-৭ চট্টগ্রামের পরিচালক কমোডর এম সাহেদ করিম জানান, মেজর জাহাঙ্গীর আলম ও এএসপি জাহাঙ্গীরের নেতৃত্বে র্যাবের একটি দল পানওয়ালা পাড়ায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান গুদামমালিক ছাগির। পরে ওই গুদামে তল্লাশি চালিয়ে ২১টি বস্তায় এক হাজার ২৫ কেজি সালফার উদ্ধার করা হয়। বিস্ফোরক দ্রব্য আমদানি ও গুদামে মজুতের কোনো অনুমোদন ছিল না।
সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তরের বিশেষ অনুমোদন সাপেক্ষে তাদের অনুমোদিত আমদানিকারক নিজস্ব কারখানায় ব্যবহারের জন্য নিজস্ব গুদামে এসব বিস্ফোরক রাখতে পারেন। ম্যাচ ফ্যাক্টরি ও সালফিউরিক অ্যাসিড তৈরির কাজে এসব বিস্ফোরক ব্যবহূত হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের ডবলমুরিং থানায় আসামিদের হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় র্যাবের ডিএডি হারুন অর রশিদ বাদী হয়ে বিস্ফোরক আইনে গ্রেপ্তার তিন ব্যক্তি ও পলাতক ছাগির হোসেনকে আসামি করে মামলা করেছেন।