চট্টগ্রামে ১১ কোটি টাকার দুটি গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জব্দ করা ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের গাড়ি l ছবি: সংগৃহীত
জব্দ করা ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের গাড়ি l ছবি: সংগৃহীত

শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। নগরের আমিরবাগ এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে একটি এবং অলংকার মোড় এলাকার একটি পেট্রলপাম্প থেকে আরেকটি গাড়ি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল সোমবার আগ্রাবাদে সংস্থার চট্টগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ নিয়ে এ পর্যন্ত শুল্ক ফাঁকির অভিযোগে সারা দেশ থেকে ৩১টি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান তিনি। এসব গাড়ির বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আমিরবাগের বাড়ি থেকে জব্দ করা ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের গাড়িটি ২০০২ মডেলের। যুক্তরাজ্যের তৈরি এই গাড়িটির দাম শুল্ক করসহ প্রায় পাঁচ কোটি টাকা। অন্যদিকে অলংকার মোড়ে একটি পেট্রলপাম্প থেকে জব্দ করা গাড়িটি পোরশে ব্র্যান্ডের। জার্মানির তৈরি এই গাড়ি খালাস করতে ৮৩৩ শতাংশ শুল্ক কর দিতে হয়।
মইনুল খান বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জেনেছি, পর্যটকদের জন্য শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা “কারনেট দ্য প্যাসেজ” ব্যবহার করে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে বিলাসবহুল এই গাড়ি দুটি আনা হয়েছে। এ সুবিধার আওতায় কোনো গাড়ি আনা হলে নির্ধারিত সময়ে ফেরত নেওয়ার বিধান রয়েছে। তবে শুল্ক কর পরিশোধ করে দেশে তা ব্যবহারের সুযোগ ছিল। দুটি গাড়ির ক্ষেত্রে শুল্ক কর পরিশোধ করা হয়নি।’
মইনুল খান বলেন, গত কয়েক দিনের ব্যবধানে গাড়ি দুটি উদ্ধার করা হয়। কিন্তু গাড়ি দুটির মালিকপক্ষ আমদানি বা নিবন্ধনের কোনো কাগজপত্র দেখাতে না পারায় গতকাল তা জব্দ করা হয়েছে। গাড়ি দুটি দুজন ব্যবসায়ী ব্যবহার করতেন। তাঁরা গাড়ি দুটি কীভাবে সংগ্রহ করেছেন ও কীভাবে হাতবদল হয়েছে সেসব তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।