চট্টগ্রামে ১১ লাখ টাকাসহ গাড়ির চালক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় প্রাইভেট কার থেকে ১১ লাখ টাকা নিয়ে পালানোর সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তিনি ওই গাড়ির চালক ছিলেন। তাঁর নাম বিল্লাল হোসেন (২২)। তাঁর বাড়ি ফটিকছড়ি। পুলিশ জানায়, আমীর হেলাল নামের এক ব্যবসায়ী তিন দিন আগে বিল্লালকে তাঁর ব্যক্তিগত কারের চালক হিসেবে নিয়োগ দেন। গতকাল বিকেলে নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের কাছে এইচএসবিসি ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে কারে রেখে তিনি আবার ব্যাংকে ঢুকেন। ব্যাংক থেকে এসে দেখেন, গাড়ি থাকলেও গাড়িতে টাকা নেই, চালকও নেই। বিষয়টি তিনি পুলিশকে জানান। ঘটনার দেড় ঘণ্টা পর খুলশী থানা পুলিশ ষোলশহরের চশমা হিল এলাকা থেকে ১১ লাখ টাকার থলেসহ বিল্লালকে গ্রেপ্তার করে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, বিল্লাল টাকা নিয়ে ফটিকছড়ির নিজ বাড়িতে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।