প্রায় ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকা ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় চট্টগ্রাম নগরের কয়েকটি এলাকায় ১৩ গ্রাহকের বিরুদ্ধে মামলা ও ৪৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী এক গ্রাহককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ অভিযান চালান। অভিযানে নির্বাহী প্রকৌশলী এ এফ এম নূর উদ্দিন আহমেদসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। নগরের শুলকবহর, মুরাদপুর, জঙ্গি শাহ মাজার গেট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, ১৪ লাখ ৯০ হাজার টাকা বিল বকেয়া থাকায় ১২ গ্রাহকের ৪২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করায় আরও এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।