চট্টগ্রামে ১৩ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ও নগরের প্রায় ১৩ লাখ ২২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ১৬ জুলাই দিনব্যাপী বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল বুধবার সকালে নগরের আন্দরকিল্লায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী সংবাদ সম্মেলনে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৬১ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ লাখ ৬০ হাজার ৪৬১ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
১৪ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০টি ওয়ার্ডে প্রায় সাড়ে ১৪ হাজার স্বেচ্ছাসেবক ভিটামিন এ খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। সিটি করপোরেশন এলাকায় সিটি করপোরেশনের স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শিশুদের নিয়ে যথাসময়ে কেন্দ্রে হাজির হওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন আজিজুর রহমান সিদ্দিকী।
ফেনীতে খাওয়ানো হবে আড়াই লাখ শিশুকে: ফেনী অফিস জানায়, ফেনীতে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ছয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভা এলাকার ১ হাজার ১৬২টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর এক কর্মশালায় জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা কর্মীসহ ৩ হাজার ৪৮৬ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. ইলিয়াছ ভূঁঞা।