চট্টগ্রামে ১৩ সরকারি বিদ্যালয়ের আটটিতে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার ১৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আটটিতেই প্রধান শিক্ষক নেই। কোনো বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, আবার কোনোটিতে সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে বিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। আবার শিক্ষকের অভাবে নগরে দুই পালার পাঁচটি বিদ্যালয় চলছে জোড়াতালি দিয়ে।চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নিয়োগ বন্ধ থাকায় কিছু কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সরকার সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামে প্রধান শিক্ষকবিহীন সরকারি উচ্চবিদ্যালয়গুলো হচ্ছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয়, পটিয়া আবদুর রহমান বালিকা বিদ্যালয়, সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয়, সন্দ্বীপ কার্গিল উচ্চবিদ্যালয় ও সন্দ্বীপ মোমেনা-সেকান্দর উচ্চবিদ্যালয়।এর মধ্যে সিটি সরকারি বালিকা, সন্দ্বীপ কার্গিল ও সন্দ্বীপ মোমেনা-সেকান্দর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন সহকারী শিক্ষক। দুজন সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম সরকারি বালিকা ও বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে। অন্য তিনটি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্বে থাকলেও তাঁদের বেতন এখনো সহকারী শিক্ষকের কাঠামোতে। এ কারণে প্রশাসনিক কাজ চালাতে তাঁদের অসুবিধা হচ্ছে।দুই পালার পাঁচ বিদ্যালয়ে শিক্ষকের সংকট: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে নগরের পাঁচটি উচ্চবিদ্যালয়ে দুই পালা চালুর সিদ্ধান্ত হয়। কিন্তু গত দুই বছরেও দুই পালা চালানোর মতো শিক্ষক নিয়োগ বা পদ সৃষ্টি করা হয়নি। তাই জোড়াতালি দিয়ে এসব বিদ্যালয়ে দুই পালার শিক্ষা কার্যক্রম চলছে।জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বলেন, ‘চট্টগ্রামের পাঁচটি বিদ্যালয়ে দুই পালার শিক্ষকের পদ সৃষ্টি এবং শিক্ষকের স্বল্পতার কারণে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক জটিলতা সৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। দুই পালার পাঁচটি বিদ্যালয় হচ্ছে বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম বালক উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ বালিকা বিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয় ও সিটি বালিকা উচ্চবিদ্যালয়।জানা গেছে, সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাড়া প্রতি পালায় ২৫ জন শিক্ষকের প্রয়োজন হয়। তাই দুই পালা হলে আরও অতিরিক্ত ২৫ জন শিক্ষক এবং সঙ্গে একজন প্রধান শিক্ষক দরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্য বিদ্যালয় থেকে প্রেষণে শিক্ষক এনে এসব বিদ্যালয়ের দুই পালার শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। বেশির ভাগ শিক্ষক আনা হয়েছে পার্বত্য জেলাগুলো থেকে। জানা গেছে, দুই পালার বিদ্যালয়গুলোর মধ্যে বাকলিয়া, চট্টগ্রাম বালক ও নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ে ২৫ জন করে শিক্ষক আছেন। হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয়ে নয়জন এবং সিটি বালিকা উচ্চবিদ্যালয়ে ১৪ জন শিক্ষক দিয়ে দুই পালা চালানো হচ্ছে। সব বিদ্যালয়ে প্রেষণে শিক্ষক আনা হয়েছে। বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম হোসাইনি বলেন, ‘নিয়মিত ২৫ জন এবং অন্য বিদ্যালয়ের চারজনসহ ২৯ জন শিক্ষক দিয়ে আমরা দুই পালার কাজ চালাচ্ছি। এতে শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে।’ হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, ‘আমি মাত্র ১২ জন শিক্ষক দিয়ে দুই পালার কাজ চালাচ্ছি। এর মধ্যে তিনজনকে অন্য বিদ্যালয় থেকে ধার করে আনা হয়েছে।’