চট্টগ্রামে ১৪ দলের জঙ্গিবিরোধী সমাবেশ ও পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের প্রতি খেয়াল রাখতে মা-বাবার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল রোববার বিকেলে নগরের আগ্রাবাদের বাদামতলী মোড়ে আয়োজিত জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে ১৪ দল।

সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দীন খালেদ, গণ-আজাদী লীগের চট্টগ্রাম জেলার আহ্বায়ক নজরুল ইসলাম আশরাফী, ন্যাপের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিঠুন দাশগুপ্ত।

সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা থামিয়ে দিতে জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। যেসব স্কুল ও কলেজের শিক্ষক গোপনে জঙ্গিদের উসকানি দিচ্ছেন, তাঁদের আমরা চিনি। আগামী ১৫ দিনের মধ্যে তাঁরাও যদি সংশোধন না হন তাহলে আমরা পুলিশকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব।’

সমাবেশ শেষ হওয়ার পর বাদামতলী মোড় থেকে জঙ্গিবিরোধী পদযাত্রা বের হয়। মিছিলটি বারেক বিল্ডিং মোড় পর্যন্ত যায়। পদযাত্রায় ১৪ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলের কারণে বাদামতলী মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।