চট্টগ্রামে ১৫ আসামিসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর আগে করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ১৫ আসামি ও আটজন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গত মঙ্গলবার বিকেলে এই আদেশ দেন। ভারতের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার জের ধরে চট্টগ্রামে সংখ্যালঘু এক ব্যক্তির একটি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। ওই ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। আদালত সূত্র জানায়, ১৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁরা হলেন: সফি, আবদুর রশিদ, তফাজ্জল হোসেন, মিয়া, স্বপন, নুরুল আলম, মুমিনুল হক, আবদুর রব, আবদুল মতিন, মো. সামছুল হক, ফারুক, মনিরুজ্জামান, জলিল, জামাল ও আবু সিদ্দিক। নয়জন সাক্ষীর বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁরা হলেন: মো. সাদেক, আবেরার আলম, বাদল কান্তি, আবদুর রশিদ, নুরুল আলম, মো. কাইছার, জাহাঙ্গীর আলম ও মফিজুর রহমান।আদালত সূত্র জানায়, ভারতের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার জের ধরে চট্টগ্রামের চিটাগাং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের সংখ্যালঘু ব্যক্তির মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের ২০ লাখ টাকার মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ১৭ জনকে আসামি করা হয়। ১৯৯০ সালের ১ নভেম্বর নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস কে দেব। আদালত সূত্র আরও জানায়, ২০ বছর পেরিয়ে গেলেও আসামিদের মধ্যে মাত্র দুজন নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। অন্য আসামিরা অনুপস্থিত। পুলিশও তাঁদের গ্রেপ্তার করছে না। এ ছাড়া এই মামলার আটজন সাক্ষীর মধ্যে কেউ ২০ বছরের মধ্যে একদিনও আদালতে যাননি।