চট্টগ্রামে ১৫ বিদ্যালয়ে সহায়ক বই-বাণিজ্য!
চট্টগ্রাম নগরের ১৫টি বিদ্যালয়ের কর্তৃপক্ষ সরাসরি প্রাথমিক স্তরের বিভিন্ন সহায়ক বই (গাইড বই) বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যবসা নিয়ন্ত্রণ করছে দুটি প্রকাশনা সংস্থা। তারা মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে এসব বিদ্যালয়ে বই সরবরাহ করছে।
এ ছাড়া শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে এসব প্রকাশনা সংস্থার বইপাঠ্য বিক্রি করেছে এবং ছাত্রছাত্রীদের এগুলো কিনতে বাধ্য করছে। প্রকাশনা সংস্থা দুটি হচ্ছে গাজী ও এনেক্স প্রকাশনা।
চট্টগ্রামের বিভিন্ন লাইব্রেরির মালিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসব বিদ্যালয় কর্তৃপক্ষ লাইব্রেরির পরিবর্তে নিজেরাই এ দুটি প্রকাশনা সংস্থার বই বিক্রি করে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে। সংস্থা দুটি নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যালয়ে বই পৌঁছে দেয়।
নগরের বৃহৎ পাঠ্যবইয়ের বাজার আন্দরকিল্লার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের হাতে এখন কোনো ব্যবসা নেই। ব্যবসা নিয়ন্ত্রণ করছে মূলত দুটি প্রকাশনা সংস্থা। আন্দরকিল্লা পাঠকবন্ধু লাইব্রেরির প্রতিনিধি তোফায়েল আহমেদ বলেন, ‘প্রকাশনা সংস্থার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে স্কুলের টিচাররাই এখন বই বিক্রি করছেন। বই বিক্রির জন্য এসব স্কুল পাচ্ছে প্রায় ৭০ শতাংশ কমিশন, আর আমরা পাচ্ছি মাত্র ১৫ শতাংশ। এভাবে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়।’
মডার্ন লাইব্রেরির শেখ সালাউদ্দিন বলেন, ‘আমরা প্রতিবছরের শেষ দিকে অপেক্ষায় থাকি শিক্ষার্থীদের কাছে নতুন বই বিক্রির আশায়। কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এসব বই বিক্রি করায় আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে।’
নগরের লালখান বাজার এলাকার বাসিন্দা অভিভাবক শফিক হোসেন বলেন, ‘বিদ্যালয়গুলো এখন ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে। ছেলেমেয়েদের স্কুলের জামা-কাপড় থেকে শুরু করে বই-খাতা সবই তারা সরবরাহ করে। বিনিময়ে আমাদের বাড়তি টাকা গুনতে হয়।’
প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিষিদ্ধ সহায়ক বই বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে মিডসিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক জিনাত সুলতানা বলেন, ‘আমরা অভিভাবকদের চাহিদার কারণেই সহায়ক বই বিক্রি করছি। কারণ, তাঁরা লাইব্রেরিতে গিয়ে বিভ্রান্ত হন বলে দাবি করেন। আমরা মানসম্মত প্রকাশনা সংস্থার বই ঢাকা থেকে কুরিয়ারে এবং চট্টগ্রাম থেকে সংগ্রহ করে দিচ্ছি।’ বাড়তি কমিশন পাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, সহায়ক বই বিক্রি নিষিদ্ধ। এর পরও যেসব বিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি এসব বই বিক্রির সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।