চট্টগ্রামে ১৫৩ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রে বিদ্রোহের সঙ্গে জড়িত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫৩ জন (সাবেক বিডিআর) জওয়ানের বিরুদ্ধে গতকাল বুধবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিদ্রোহের বিচারের লক্ষ্যে নগরের হালিশহরে বিজিবির সেক্টর সদর দপ্তরে এই বিশেষ আদালত বসেছে। গতকাল অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে তিনজন আদালতে সাক্ষ্য দেন।আদালত সূত্র জানায়, গতকাল দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের বিচারিক কার্যক্রম শুরু হয় সকাল নয়টায়। মধ্যাহ্ন বিরতি দিয়ে বেলা তিনটা পর্যন্ত চলে বিচারকাজ। বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়, লে. কর্নেল মো. আবদুর রউফ ও মেজর এম এ রাকিব। সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন লে. কর্নেল মো. শামীমুর রহমান।আদালত সূত্র জানায়, মামলার বাদী নায়েক সুবেদার মো. শরিফুল ইসলাম, হাবিলদার মো. মাহবুবুর রহমান ও হাবিলদার অজিত কুমার সেন গতকাল সাক্ষ্য দেন।সাক্ষীরা আদালতকে জানান, ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহী জওয়ানেরা অস্ত্রাগার লুট করে ব্যাপক ভীতি ছড়ায়। সেনাবাহিনী আক্রমণ করবে—এমন গুজব ছড়িয়ে সেনা পরিবারের সদস্যদের নাজেহাল করে। পাগলা ঘণ্টা বাজিয়ে বিদ্রোহের সূত্রপাত ঘটায়। তারা মেজর ইকবালের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে। মেজর নাজমা বেগমকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। মেজর বেলাল উদ্দিনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আদালতে বড় পর্দায় এসব ঘটনার স্থিরচিত্র দেখানো হয়।মামলার কৌঁসুলি লে. কর্নেল শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, আরও ১৪০ জন সাক্ষী আছেন। পর্যায়ক্রমে তাঁদের সাক্ষ্য নেওয়া হবে। ২২ মার্চ পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। এরপর থেকে সরকারি ছুটি ছাড়া বিরতিহীনভাবে আদালতের কার্যক্রম চলবে।