চট্টগ্রামে ১৮ ও ১৯ জুলাই পরিবহন শ্রমিক ধর্মঘট
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা ১৮ জুলাই উত্তর চট্টগ্রামের ৩৬টি রুটে এবং ১৯ জুলাই বৃহত্তর চট্টগ্রামে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে। আওয়ামী লীগের নেতার নেতৃত্বে জেলার ফটিকছড়িতে জেলা কার মাইক্রোবাস জিপ শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের প্রতিবাদ এবং পুলিশের গাড়ি রিকুইজিশন-বাণিজ্য বন্ধ, সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, চট্টগ্রামে ট্রাক টার্মিনাল নির্মাণ, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের কার্যকরী সভাপতিকে ধর্মঘটের বিষয়টি জানানো হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অলি আহমদ, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুসা, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আহমদ, চট্টগ্রাম ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বদিউল মওলা।