চট্টগ্রামে ১৮ ও ৩১ জানুয়ারি পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন শ্রমিক সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ, পরিবহনশ্রমিক নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং শ্রমিকনেতা অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বৃহত্তর চট্টগ্রামে ১৮ ও ৩১ জানুয়ারি পরিবহন ধমর্ঘটের ডাক দিয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলন বলা হয়, ১৮ জানুয়ারি সকাল ছয়টা থেকে বেলা দুইটা এবং ৩১ জানুয়ারি সকাল-সন্ধ্যা এ ধমর্ঘট পালিত হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। উপস্থিত ছিলেন ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমীন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ১৯ আগস্ট নগরের সল্টগোলা থেকে চট্টগ্রাম মহানগর হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে অপহরণের প্রতিবাদে ধমর্ঘট ডাকা হয়। দুই দিন পর মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। কিন্তু মামলা থেকে প্রকৃত দোষীদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছয় মাস আগে কাপ্তাই রাস্তার মাথায় অটোরিকশা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করতে সন্ত্রাসী হামলা চালানো হয়। কার্যালয় দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা উল্টো পরিবহনশ্রমিক নেতার বিরুদ্ধে মামলা করে। এই মামলা প্রত্যাহার এবং নুরুল ইসলাম অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নইলে ১৮ জানুয়ারি সকাল ছয়টা থেকে বেলা দুইটা এবং ৩১ জানুয়ারি পূর্ণ দিবস বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালিত হবে।