চট্টগ্রামে ১৮ দলীয় জোটের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগকে এক-এগারোর সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আবদুল্লাহ আল নোমান বলেন, কিছু সেনা কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশে এক-এগারোর সৃষ্টি করেছিল। শেখ হাসিনাও এক-এগারোকে স্বাগত জানিয়েছিলেন। পরে নীলনকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসান ফখরুদ্দীন-মঈনুদ্দীন।আলোচিত এক-এগারোর ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবন বিএনপির কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সভা করা হয়। সভায় আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। পরে কালো পতাকার একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সভায় নোমান বলেন, ফখরুদ্দীন-মঈনুদ্দীনের সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে। এক-এগারোর সরকার একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবীসহ দেশের সব শ্রেণী-পেশার মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে। চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাংসদ শামসুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমসহ স্থানীয় নেতারা।