চট্টগ্রামে ১৮ দলের কর্মসূচিতে জামায়াত-শিবিরের ঢল নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ব্যানারে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরে বিশাল মিছিল বের করা হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ঢল নামে। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বর থেকে মিছিল বের হয়।পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ১৮ দলের পূর্বনির্ধারিত গণমিছিলে অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ লোক ছিলেন জামায়াত ও শিবিরের নেতা-কর্মী।গতকাল মিছিলে অংশ নেওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হাতে ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। প্রহসনের ট্রাইব্যুনালের নামে জামায়াতের নেতাদের বিচার বন্ধ এবং গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ বিভিন্ন বক্তব্য এসব ব্যানার-ফেস্টুনে লেখা ছিল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে তিনটা থেকে নাসিমন ভবনের সামনের মাঠে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নাসিমন ভবনে জড়ো হতে থাকেন গতকাল বিকেল চারটা থেকে। কাজীর দেউড়ি ও আসকারদীঘির পাড় হয়ে তাঁরা নাসিমন ভবনে মিছিল নিয়ে জড়ো হন। সম্প্রতি পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার এড়ানোর জন্য তাঁরা প্রধান সড়ক ব্যবহার না করে অলিগলি হয়ে মিছিল নিয়ে নাসিমন ভবন চত্বরে যান। পরে নাসিমন ভবন থেকে মিছিলটি বের হয়ে লাভ লেইন মোড়, বৌদ্ধমন্দির হয়ে জামালখান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।চট্টগ্রামের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান বলেন, ‘মিছিলে জামায়াতের আধিপত্য বেশি ছিল। বিএনপিসহ অন্য দলগুলোর কর্মী-সমর্থকদের উপস্থিতি খুবই কম ছিল। বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত ছিলাম।’মিছিলের আগে নাসিমন ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।