চট্টগ্রামে ১৮ দলের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই অবৈধ সরকারকে আর দেশ চালাতে দেওয়া হবে না। আগামী দিনের অসহযোগ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
হরতালের সমর্থনে ১৮-দলীয় জোটের এক বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল রোববার বিকেলে এ কথা বলেন। নগরের নাসিমন ভবন চত্বরে এই সমাবেশ হয়। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বিআরটিসি মোড় পর্যন্ত যায়। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকার সংলাপের কথা বলে সময়ক্ষেপণ করছে। আন্দোলন যখন তুঙ্গে ওঠে তখন সংলাপের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যায়। গতকালের বিক্ষোভ সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সদস্য ও চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির ও সাংসদ শামসুল ইসলাম।