চট্টগ্রামে ১৯৫০টি ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযানে এক হাজার ৯৫০টি ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার দুপুরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব অভিযান চালায়। তিনটি পৃথক অভিযানের মধ্যে শনিবার সকালে নগর গোয়েন্দা পুলিশ নগরের স্টেশন রোড থেকে ৪৫০টি ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আমানউল্লাহ (৩৩), জুবায়ের (২৯) ও জিয়াবুল হক (১৯)।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) এস এম তানভীর আরাফাত জানান, গ্রেপ্তার হওয়া তিন মাদক বিক্রেতা মোটরসাইকেলে করে ইয়াবা বিক্রির জন্য যাচ্ছিলেন। স্টেশন রোড এলাকায় পৌঁছার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে।এদিকে শনিবার দুপুরে পশ্চিম পটিয়ার চরলক্ষ্যা এলাকার একটি বাসা থেকে ৮০০টি ইয়াবা বড়িসহ মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার বাসিন্দা। অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম জানান, আবদুল্লাহ কিছুদিন আগে থেকে চরলক্ষ্যা এলাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিলেন।এর আগে শুক্রবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকায় অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবাসহ সুফিয়ান নামের একজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ছাড়া শুক্রবার রাত ১২টার দিকে চান্দগাঁও থানা পুলিশের একটি দল নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি কুলিং কর্নারের সামনে অভিযান চালিয়ে মোমিনুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে।