চট্টগ্রামে ২ তহশিলদারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের দুই তহশিলদারসহ তিন ব্যক্তির বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান।গোপনে ইজারা বাতিল করে তৃতীয় ব্যক্তির নামে বরাদ্দের চেষ্টা এবং প্রকৃত ইজারা-গ্রহীতার ওয়ারিশের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা করে জেল খাটানোর অভিযোগে আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। আসামিরা হলেন: চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের তহশিলদার মো. খোরশেদ আলম, মো. কুদ্দুস ও তড়িৎ কান্তি দে। আসামিরা পরস্পর যোগসাজশে নগরের জামালখান এলাকার একটি সরকারি জমির ইজারা বাতিলের চেষ্টা করেন। এ রকম অভিযোগ এনে জনৈক সুভাষ চন্দ্র দে আদালতে মামলা করেন।মামলার আরজিতে বলা হয়, আসামি তড়িৎ কান্তি দে চুরির ঘটনা সাজিয়ে সুভাষ চন্দ্র ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। দুই ভাইয়ের অনুপস্থিতিতে আসামি তড়িৎ গত ১১ মে বাদীর জামালখানের বাসায় হামলা চালান। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের দুই তহশিলদারের সহযোগিতায় আসামি তড়িৎ জামালখানের বাসার ইজারা বাতিলের প্রক্রিয়া শুরু করেন। আরজিতে আরও বলা হয়, জামালখানের ওই সরকারি জমি বাদীর দাদা ইজারা নেন। বংশপরম্পরায় ওই জমি বাদীর বাবারও ভোগদখলে ছিল। সরকারি নিয়মকানুন মেনে তা ইজারা নেওয়া হয়।