চট্টগ্রামে ২০ দিনব্যাপী স্বাধীনতা মেলা
চট্টগ্রাম এম এ আজিজ আউটার স্টেডিয়ামে কাল মঙ্গলবার থেকে ২০ দিনব্যাপী স্বাধীনতা মেলা শুরু হচ্ছে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ কথা জানান।সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন স্বাধীনতা মেলা পরিষদের চেয়ারম্যান কাজী এনামুল হক ও মহাসচিব মাহফুজুর রহমান। মেলায় প্রতিদিন মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শন করা হবে।মাহফুজুর রহমান বলেন, মেলার অন্যতম উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানা এবং জানানো, যাতে বর্তমান প্রজন্ম তাদের নিজেদের চেনে এবং ভবিষ্যতের পথে সঠিকভাবে এগোনোর সিদ্ধান্ত নিতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা পরিষদের যুগ্ম মহাসচিব মোজাহেরুল ইসলাম চৌধুরী, পীযূষকান্তি বিশ্বাস, রহিম উদ্দিন চৌধুরী, মাহমুদুর রহমান সিদ্দিকী, শেখ জাহেদ আহমদ প্রমুখ।