চট্টগ্রামে ২০ লাখ টাকার চোরাই পোশাক উদ্ধার
নগরের কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ কার্টন চোরাই তৈরি পোশাক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।গত সোমবার গভীর রাতের এই অভিযানে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হওয়া পোশাকের ৩১টি কার্টনের মধ্যে ২৫টিতে এক হাজার ৬৭৬টি মেয়েশিশুর (গোলাপি রঙের) পোশাক এবং অন্য ছয়টি কার্টনে মেয়েশিশুর ৩৮৯টি তৈরি পোশাক ছিল।এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার চার আসামি হলেন—মো. হাশেম (৬০), হাশেমের ছেলে আফসার (২২), হাশেমের জামাতা শাহজাহান (৩২) ও কবির আহম্মদ (৫৮)। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. তারেক আহম্মেদ প্রথম আলোকে জানান, বিদেশে রপ্তানিযোগ্য মালামাল চুরি করে শাহ মিরপুর এলাকায় হাশেমের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালানো হয়। পুলিশের সদস্যরা ঘরের দরজায় ধাক্কা দিলেও ঘরের ভেতরে থাকা লোকজন দরজা খুলতে অস্বীকৃতি জানান।তিনি আরও জানান, একপর্যায়ে ওই পরিবারের সদস্যরা ঘরে ডাকাত পড়েছে বলে চিৎকার করেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে তাঁরা কৌশলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে হাশেমের ঘরে তল্লাশি চালিয়ে ৩১ কার্টন চোরাই তৈরি পোশাক উদ্ধার করে পুলিশ।