চট্টগ্রামে ২০ সড়কের ৫০ কিলোমিটার ভাঙাচোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রীর তৎপরতার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশের খানাখন্দ সংস্কারকাজ শুরু হয়েছে। তবে মহাসড়কের অনেক এলাকাতেই পিচ উঠে রাস্তার অবস্থা হয়ে পড়েছে বেহাল। ছবিটি গতকাল দুপুর ১২টায় সীতাকুণ্ডের কুমিরা থেকে তুলেছেন সৌরভ দাশ
মন্ত্রীর তৎপরতার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশের খানাখন্দ সংস্কারকাজ শুরু হয়েছে। তবে মহাসড়কের অনেক এলাকাতেই পিচ উঠে রাস্তার অবস্থা হয়ে পড়েছে বেহাল। ছবিটি গতকাল দুপুর ১২টায় সীতাকুণ্ডের কুমিরা থেকে তুলেছেন সৌরভ দাশ

মহাসড়কসহ চট্টগ্রামের ৫৯৬ কিলোমিটার সড়কের বহু স্থান এখন খানাখন্দে ভরা। এর মধ্যে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক। এর বাইরে বৃষ্টিতে বিভিন্ন জেলা এবং উপজেলার সঙ্গে সংযোগস্থাপনকারী ২০টি সড়কের প্রায় ৫০ কিলোমিটারের অনেক স্থানের অবস্থা বেহাল। যোগাযোগমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ঈদের আগে এসব ভাঙা সড়ক পুরোপুরি মেরামত হওয়া নিয়ে সংশ্লিষ্ট অনেকেই সন্দিহান। এই অবস্থায় ঈদে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।
নাজুক চার লেন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬৬ কিলোমিটার পড়েছে চট্টগ্রাম সড়ক বিভাগে। মহাসড়কটির চার লেনের কাজ চলার সময়ে এর মেরামতকাজের দায়িত্বও প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার চীনা প্রতিষ্ঠান সিনো হাইড্রোর। কিন্তু সড়কটি স্থানে স্থানে বেহাল হয়ে পড়লেও তারা মেরামতকাজ করছে না। এই অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ নিজস্ব উদ্যোগে মেরামতের কাজ চালাচ্ছে।
গতকাল রোববার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে খানাখন্দ রয়ে গেছে। বেশি খারাপ অবস্থা কুমিরা বাইপাস এলাকার আড়াই কিলোমিটারে। সেখানে বড় বড় গর্ত। বৃষ্টিতে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মন্ত্রীর নির্দেশে তৎপরতা জোরদার হওয়ার পর এখানে ইট-বালু ফেলে রাস্তা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। তবে বৃষ্টির কারণে বিটুমিন দিলেও তা উঠে যাচ্ছে।
মিরসরাই অংশে ১৮০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত। জুন মাসের ২০-২৩ তারিখের বৃষ্টির সময় এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। গতকাল পর্যন্ত এ অংশটি পুরোপুরি মেরামত করা যায়নি।
বিষয়টি স্বীকার করে চার লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা গতকাল বলেন, ‘সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এবং মিরসরাইয়ে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। কুমিরার মেরামতকাজ শেষ হতে সপ্তাহ খানেক লাগবে। মিরসরাইয়ের কাজটি দু-চার দিনের মধ্যে শেষ হবে।’
রাস্তা ভাঙাচোরা হওয়ায় যানজট এখানকার নিত্যদিনের ব্যাপার। মাঝেমধ্যে চার লেনের কার্পেটিং করা হচ্ছে। তবে চার লেন হয়ে দুই লেনে ওঠার সময় গাড়ি ধীরগতি হয়ে যাচ্ছে। ট্রাকচালক ফোরকান বলেন, ‘ভাঙাচোরার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়। প্রতিদিন যানজটে আটকে থাকি।’
খারাপ অন্য সড়কের হালও: মহাসড়কের বাইরে চট্টগ্রাম সড়ক বিভাগের অধীনে ৫৩০ কিলোমিটার সড়ক রয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি, চট্টগ্রাম-খাগড়াছড়ি ছাড়াও বিভিন্ন উপজেলামুখী সড়ক আছে এর মধ্যে। জুন মাসের বৃষ্টিতে প্রতিটি সড়কই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এ ধরনের ২০টি সড়কের ৫০ কিলোমিটার স্থানে অনেক জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখ সিটি গেট থেকে অলঙ্কার মোড় পর্যন্ত অংশ। সম্প্রতি ক্ষয়ক্ষতির বিবরণসহ সংস্কারে ১০ কোটি টাকার একটি খরচের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া পোর্ট এক্সেস সড়কের (টোল সড়ক) বিভিন্ন অংশের অবস্থা নাজুক। পাশাপাশি অনেক কালভার্ট এবং আন্ডারপাসের অ্যাপ্রোচ বিধ্বস্ত। বালুর বস্তা দিয়ে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ শাহ আমানত সেতুসংলগ্ন অ্যাপ্রোচ সড়কও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে বারৈয়ারহাট-হেঁয়াকো-নারায়ণহাট-ফটিকছড়ি সড়ক, হাটহাজারী-নাজিরহাট-ফটিকছড়ি-মানিকছড়ি সড়ক, রাউজান-ব্রাহ্মণছড়ি সড়ক, রাউজানের গহিরা, নোয়াপাড়া, রাঙ্গুনিয়ার বাঙ্গালহালিয়া সড়ক, মরিয়মনগর-রাজনীরহাট সড়ক, হেঁয়াকো-রামগড় সড়ক, ভাটিয়ারী-হাটহাজারী সংযোগ সড়ক, মিরসরাই-ফটিকছড়ি সড়ক, নাজিরহাট মাইজভাণ্ডার সড়ক অন্যতম।
সরেজমিন ঘুরে চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা গেছে। অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত ৮ দশমিক ৮ কিলোমিটার সড়কের প্রশস্তকরণকাজ চলছে। এখানকার বালুছড়া, বড়দীঘিরপাড়, বটতলী বাজার এলাকা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, ‘সাম্প্রতিক বৃষ্টিতে চার লেনের বাইরে প্রায় ৫০ কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে। থেমে থেমে বৃষ্টির কারণে এই সড়কগুলোর মেরামতকাজও বারবার পিছিয়ে যাচ্ছে। টানা ছয় দিন রোদ না হলে বিটুমিন উঠে যাবে। তবে মেরামতকাজ চলছে।’
আবার আশ্বাস মন্ত্রীর: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ২০ জুলাইয়ের মধ্যে যেকোনো মূল্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সব সড়ক সচল রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনের সময় তিনি বলেন, নির্মাণাধীন ফ্লাইওভার, সড়ক কিংবা সেতুর কারণে কিছুটা দুর্ভোগ হয়। চার লেন বড় একটি কাজ। এই কাজের জন্য কিছুটা দুর্ভোগ হচ্ছে।
যোগাযোগমন্ত্রী সীতাকুণ্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুমিরা বাইপাস পরিদর্শন করে বাড়বকুণ্ড এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সড়কে খানাখন্দ রেখে জনগণকে যারা শাস্তি দেবে শাস্তি তাদেরও পেতে হবে। তারা ইঞ্জিনিয়ার হোক আর ঠিকাদার হোক।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হবে। এ বৃষ্টি হালকাও হবে, ভারীও হবে। বৃষ্টিকে ভিলেন হিসেবে আখ্যায়িত করে রাস্তা খারাপ বা ব্যর্থতার অজুহাত আমি আর শুনতে চাই না।’
সাত-আট মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ শেষ করার আশা ব্যক্ত করেন মন্ত্রী। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘চীনা কোম্পানি সিনো হাইড্রোকে সাতটি প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে। তারা মাঝে মাঝে কাজের গতি ধীর করে দেয়। মেরামতকাজও করতে চায় না। চীনা কোম্পানি কাজ করছে না। সে জন্য আমাকে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।’
তাড়াহুড়ো করে শুধু ইট-বালু ফেলে সাময়িকভাবে গর্ত ভরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৃষ্টির মধ্যে বিটুমিনের কাজ করা যায় না, তাই আস্ত ইট দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে।