চট্টগ্রামে ২০০ বছরের পুকুর ভরাট করে ভবন নির্মাণ!
চট্টগ্রামের নিউমুরিং এলাকায় ২০০ বছরের পুরোনো পুকুর ভরাট করে চলছে ভবন নির্মাণের প্রাথমিক কাজ। পুকুরের মাঝখান থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম পাড়ের দুটি অংশে এখন চলছে মাটি ভরাট ও নির্মাণকাজ। অন্য পাশে পুকুরের অল্প পানিতে এখনো স্থানীয় বাসিন্দারা গোসল ও ধোয়ামোছার কাজ চালিয়ে যাচ্ছেন।দিনদুপুরে ছয় মাস ধরে পুকুর ভরাট করে নির্মাণকাজ চললেও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসন চুপ রয়েছে। স্থানীয় লোকজন পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসে এ নিয়ে লিখিত অভিযোগ দিলেও বন্ধ হয়নি তা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উড়ালসেতুর পাশে নিউমুরিং মীরাপাড়া এলাকায় আতর আলী মহাজন মসজিদসংলগ্ন পুকুরটি স্থানীয়ভাবে পুতন্যার মায়ের পুকুর নামে পরিচিত। পাড়সহ এর আয়তন প্রায় ৭০ শতক। সরেজমিনে দেখা গেছে, হাফেজ আবদুল হক শাহ মাজার ও মসজিদসংলগ্ন পুকুরটির পশ্চিম পার থেকে মাঝখান পর্যন্ত ভরাটকাজ ও নির্মাণকাজ দুটি একসঙ্গে চলছে। পাড়সংলগ্ন পুকুরের পানির কিছু অংশ ইতিমধ্যে ভরাট করা হয়েছে। মাঝখানে পুকুরের পানিতে বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। নুরুল ইসলাম, নূর মোহাম্মদ, নূর আফছার ও মঞ্জুর আলম নামের চার ভাই পুকুরের আট শতক অংশ কিনে এ ভরাট ও নির্মাণকাজ করছেন। নির্মাণকাজে ব্যস্ত রয়েছেন রাজমিস্ত্রিরা। সীমানা দেয়ালে খরিদা সূত্রে এ জায়গার মালিক হিসেবে চার ভাইয়ের নাম লেখা রয়েছে।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. মঞ্জুর আলম বলেন, ‘আমরা আমাদের সীমানা দেয়াল দিচ্ছি। এ জন্য ফায়ার সার্ভিসকে জানিয়েছি। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিইনি। আমরা ভরাট করে দেয়াল দেব। পরে বাড়ি নির্মাণ করব।’তবে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ব্যবহার্য পুকুর ভরাটের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।’সরেজমিনে দেখা গেছে, রাতের বেলায় ট্রাকযোগে মাটি এনে পারে রাখা হয়। দিনের বেলায় তা পানিতে ফেলা হয়। এভাবে ভরাটের কারণে পানিও শুকিয়ে গেছে। পুকুরের অল্প পানিতে গোসল করতে আসা শাহীন নামের একজন জানান, ‘বাসায় পানি না থাকলে এখানে গোসল করি। কিন্তু এখন পানি কমে গেছে।’ শুধু পশ্চিম পাড়ে নয়, পূর্ব পাড়েও জিন্নাত আরা ওরফে লিপি নামের একজন বাড়ি করছেন। পাড় ও পানির অংশ ঘেঁষে এ বাড়ি উঠছে। পুকুরটির পাড়ে রয়েছে কবরস্থান। কবরের ওপর বাড়ি তোলা হচ্ছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। স্থানীয় এক ষাটোর্ধ্ব বাসিন্দা পেয়ার মোহাম্মদ বলেন, ‘পুকুরটি ২০০ বছরের পুরোনো। চার পাড়ে কবরস্থান। এখন কবর ও পানি ভরাট করে চলছে নির্মাণকাজ। আমরা প্রতিবাদ করেছিলাম। বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছি, কোনো কাজ হয়নি।’ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের বলেন, ‘পুকুরটি অনেক পুরোনো ও বড়। এটি মানুষ ব্যবহার করে আসছে। এখন তারা কীভাবে ভরাট করছে আমি জানি না।’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ মো. জমির উদ্দিন ‘পুকুর ভরাটে আমাদের কোনো কেউ অনুমতি নেয়নি। আমরা বিষয়টা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’