
২০-দলীয় জোটের ডাকা দিনব্যাপী হরতাল কর্মসূচি গতকাল সোমবার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে গতকাল বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ ছাত্রদলের দুই কর্মীকে এবং চান্দগাঁও এলাকায় পিকেটিং করার সময় শিবিরের আরও তিন কর্মীকে আটক করে।
গতকাল নাসিমন ভবন চত্বরে ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা দিনভর মিছিল-সমাবেশ করে। বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় কিছুক্ষণের জন্য ছন্দপতন ঘটে। এর বাইরে চান্দগাঁও ছাড়া নগরের আর কোথাও জোটের নেতা-কর্মীদের পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।
গতকাল সকাল থেকে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ হয়েছে। তবে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল নগরের শিক্ষাপ্রতিষ্ঠান। সূচি মেনে সবগুলো ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। হরতাল কর্মসূচির মধ্যেও গতকাল নগরের ইপিজেড মোড়, আগ্রাবাদ ও জিইসি মোড় এলাকায় যানজট সৃষ্টি হয়।
গতকাল বেলা ১১টার দিকে নাসিমন ভবন এলাকায় সমাবেশ চলাকালীন হঠাৎ করেই মিছিল বের করার চেষ্টা করেন ছাত্রদলের কিছু নেতা-কর্মী। এ সময় পুলিশ তৎপর হয়ে ওঠে। মিছিলকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আটক করা হয় ছাত্রদলের দুই কর্মীকে। অন্যরা ধাওয়া খেয়ে নাসিমন ভবনের ভেতরে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে নেতা-কর্মীরা রাস্তার পাশে আবার জড়ো হয়ে সমাবেশ শুরু করেন। এ সময় পুলিশের কড়া বেষ্টনীর মধ্যে নেতা-কর্মীরা সমাবেশ করেন।
নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাসিমন ভবন এলাকা এবং চান্দগাঁও ছাড়া আর কোথাও পিকেটিংয়ের চেষ্টা করা হয়নি। চান্দগাঁও থেকে পুলিশ শিবিরের তিন কর্মী এবং নাসিমন ভবন চত্বর থেকে ছাত্রদলের দুজনকে আটক করা হয়।
হরতালের সমর্থনে নগরের নাসিমন ভবন চত্বরে ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল আলম, সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ প্রমুখ।