চট্টগ্রামে ২৫ লাখ টাকাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিআরবি ভবনসংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম ক্যাম্পাসের কাছে গতকাল রোববার বিকেলে নগদ ২৫ লাখ টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবক টাকা নিয়ে কদমতলী থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন। পুলিশ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ সূত্র জানায়, আটক যুবকের নাম দিদার হোসেন (২৩)। তিনি চকরিয়া উপজেলার চিরিঙ্গার বাসিন্দা। তাঁর কাছ থেকে ৫০০ টাকা নোটের ৪৭টি, এক হাজার টাকা নোটের একটি এবং ১০০ টাকার ছয়টিসহ মোট ২৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি এই টাকার মালিক নন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এই অর্থ কোনো হুন্ডি ব্যবসায়ীর হতে পারে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘জব্দ করা টাকার প্রকৃত মালিককে আমরা খুঁজছি। প্রমাণ ও নথিপত্র দেখিয়ে মালিক টাকা নিতে পারবেন। তবে টাকার উৎস সম্পর্কে অবশ্যই তথ্য দিতে হবে। নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার জেদান আল মুসা বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশ নগরের বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসায়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে একটি চৌকি বসিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চলছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ওই এলাকা অতিক্রম করার সময় পুলিশ ও আনসার সদস্যরা থামান।