চট্টগ্রামে ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার কাঁচাবাজার ও আশপাশের এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল থেকে প্রায় চার ঘণ্টা এ অভিযান চালানো হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, সড়ক দখল করে গড়ে তোলা কাঁচা তরিতরকারি, মাংস, ফলমূলসহ বিভিন্ন ধরনের প্রায় ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া সিটি করপোরেশনের মালিকানাধীন চকবাজার কাঁচাবাজারের সামনে থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে গাড়ি পার্কিংয়ের জায়গা করা হয়। সিটি করপোরেশনের নির্ধারিত স্থান বাদ দিয়ে কাঁচাবাজারে প্রকাশ্যে গরু জবাই করায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় বাজারের পাঁচটি মাংসের দোকান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ফলের দোকানকে সামনের অংশ সম্প্রসারণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। করপোরেশনের ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহম্মদ বলেন, ফল দোকানের মালিকেরা সিটি করপোরেশনের জায়গা দখল করে ব্যবসা করছেন। আবার তাঁরা দোকান সম্প্রসারণ করে ভাড়া দিয়ে দৈনিক ১০০ টাকা করে আদায় করছেন। এ কারণে দোকানগুলো সিল করে দেওয়া হয়েছে।’ স্থানীয় লোকজনের অভিযোগ, চক সুপার মার্কেট থেকে কাঁচাবাজার ও আশপাশে সড়কের ওপর অবৈধ দোকান বসানোর কারণে কেবি আমান আলী সড়ক এবং ডি সি রোডে সব সময় যানজট লেগে থাকে। কাঁচাবাজারের নির্ধারিত পার্কিংয়ের জায়গা দখল করে দোকান বসানোর কারণে লোকজন সড়কের ওপর গাড়ি রেখে কেনাকাটা করেন। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। অভিযানের সময় বিশুদ্ধ খাদ্য আইনে ওই এলাকার চিটাগং ফুডসকে ৫০ হাজার টাকা এবং ফয়েজ বেকারিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। বেকারিগুলোয় ভেজাল রং, অ্যামোনিয়া, পোড়া তেল, পচা ডিম এবং ময়লা-আবর্জনা পাওয়া গেছে বলে ভ্রাম্যমাণ আদালত জানান। অভিযানকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, র্যাব ও পুলিশ সদস্য এবং বিএসটিআইয়ের কর্মকর্তা ও দুজন ভেটেরিনারি সার্জন উপস্থিত ছিলেন।