চট্টগ্রামে ২৬ সোনার বারসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে ২৬টি সোনার বারসহ জাহাঙ্গীর আলম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের অক্সিজেন মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, হাটহাজারীর দেওয়ান নগর এলাকার জাহাঙ্গীর আলম ২৬টি সোনার বার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নগরের কোতোয়ালি যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় পুলিশ তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, মধ্যপ্রাচ্যফেরত এক যুবক সোনার বারগুলো তাঁকে কোতোয়ালি এলাকার এক ব্যক্তিকে দিতে বলেছিলেন। ওই ব্যক্তিকে তিনি চেনেন না।
ওসি জানান, উদ্ধার হওয়া ২৬০ তোলা ওজনের সোনার দাম প্রায় এক কোটি আট লাখ ৬৮ হাজার টাকা। এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় মামলা হয়েছে।
এর আগে গত শনিবার নগরের রেলস্টেশন এলাকায় বইয়ের ভেতর রাখা অবস্থায় পাঁচটি সোনার বার আটক করে পুলিশ। ওই ঘটনায় শফিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছিল।