চট্টগ্রামে ২৬ ‘শিবির কর্মী’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ দাবি করেছে।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে অর্ধদিবস হরতাল চলাকালে যেসব শিবিরকর্মী গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন, ভিডিও ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নগরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের ধরতে একযোগে অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, অক্সিজেন এলাকার একটি মেস থেকে পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। তাঁরা সবাই ছাত্রশিবির পরিচালিত কোচিং সেন্টার ‘প্রবাহ’-এর শিক্ষক। এ ছাড়া পাঁচলাইশ থেকে দুজন, চকবাজার চন্দনপুরা পশ্চিম গলি থেকে ছয়জন, ডবলমুরিং থেকে পাঁচজন, হালিশহর থেকে দুজন এবং পাহাড়তলী থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সবাই নিরীহ ছাত্র। কেউ কেউ প্রবাহের শিক্ষক। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাঁদের গ্রেপ্তার করেছে। তিনি দাবি করেন, গত সেপ্টেম্বরে মুরাদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত অন্তত ৪০০ ছাত্রশিবির কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে বর্তমানে প্রায় ৪০ জন কারাগারে আছেন।