চট্টগ্রামে ২৬৬ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরের ২৬৬টি স্থানে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিটি করপোরেশনের উদ্যোগে ১৩৬টি এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ১৩০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।সূত্রমতে, নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব জালালুদ্দিন আল কাদেরী। এতে নামাজ আদায় করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। সকাল নয়টায় একই স্থানে অপর জামাত অনুষ্ঠিত হয়। এদিকে, নগরের আউটার স্টেডিয়ামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়। এতে অন্যান্যের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। নামাজ শেষে জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।