চট্টগ্রামে ২৭ করদাতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদে গতকাল কর দিবসের অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন l ​ছবি: প্রথম আলো
চট্টগ্রামের আগ্রাবাদে গতকাল কর দিবসের অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন l ​ছবি: প্রথম আলো

আয়কর দিবস উপলক্ষে চট্টগ্রাম কর অঞ্চলের ২৭ করদাতাকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের সরকারি কার্য ভবন-২ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন করদাতা ও তাঁদের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কমিশনার কাজী ইমদাদুল হক। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, উপজেলা পর্যায়েও এবার আয়কর মেলা হবে। এটি ভালো দিক। তবে করদাতাদের মধ্যে ভীতির সঞ্চার যাতে না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও নীতি) ফরিদ উদ্দিন বলেন, কর পরিশোধে মানুষের ভোগান্তি কমাতে অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া চলছে। আগামী এক বছরের মধ্যে করদাতারা অনলাইনে কর পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ২৭ জন দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এ বছর সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান ও একই গ্রুপের পরিচালক সদরউদ্দিন খান এবং সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মহসিন। এ ছাড়া দীর্ঘমেয়াদি করদাতার সম্মাননা পেয়েছেন সালাউদ্দিন এম সিদ্দিক ও সাভার এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষÿআব্দুল মান্নান শিকদার।
চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. শামসুল হুদা, মো. মহসিন ও বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন। দীর্ঘমেয়াদি করদাতা হয়েছেন সৈয়দ আহসান উল্লাহ ও প্রকাশ রঞ্জন দাশ।
কক্সবাজার জেলায় ফরিদুল আলম ও আবুল কাশেম দীর্ঘমেয়াদি এবং সাংসদ আবদুর রহমান বদি, তাঁর ভাই আবদুস শুক্কুর ও ব্যবসায়ী সাইফুল করিম সর্বোচ্চ করদাতার সম্মাননা পান।
রাঙামাটি জেলায় ফজলুল করিম, আবুল মনসুর ওবায়দুল্লাহ ও মো. রফিকুল আলম লিটনকে সর্বোচ্চ করদাতার সম্মাননা দেওয়া হলেও এই জেলা থেকে এ বছর কাউকে দীর্ঘমেয়াদি করদাতার সম্মাননা দেওয়া হয়নি।
খাগড়াছড়ি জেলার শিব শংকর দেব ও মো. সোলায়মান দীর্ঘমেয়াদি করদাতা এবং মো. মিজানুর রহমান, মো. নূর আলম ও বিউটি দেব সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন।
বান্দরবান জেলায় দীর্ঘমেয়াদি করদাতার সম্মাননা পান শামসুল আলম। এ ছাড়া মোহাম্মদ নুরুল আবছার, আবদুস শুক্কুর ও মোহাম্মদ হুমায়ুন কবির সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন।