চট্টগ্রামে শিশু চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গল ও বুধবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের একজনের বয়স মাত্র ২৭ দিন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আবু বক্কর, রিতা চৌধুরী, মো. সুমন সরকার, বাপ্পি চৌধুরী, রীনা সর্দার ও মো. আবদুল কাদের।নগরের কয়েকটি হাসপাতাল ও ক্লিনিকের কর্মচারীরা শিশু চোরচক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই দিন নগরের চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে শিশু চোরচক্রের ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া তিন বছরের শিশু নাজমুলকে উদ্ধার করে। একই দিন পটিয়া থানার নাইখাইন এলাকায় অভিযান চালিয়ে ২৭ দিনের শিশু ফাতেমাকে উদ্ধার করা হয়। শিশু দুটিকে আদালতের মাধ্যমে তাদের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। গ্রেপ্তার হওয়া মো. আবদুল কাদের নগরের চকবাজার এলাকার একটি ক্লিনিকে ঝাড়ুদারের কাজ করেন। এ চক্রের আরেক পলাতক সদস্য রাশেদা (৫০) আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার কাজ করতেন। তাঁরা দুজনই চোরচক্রের অন্যতম হোতা বলে পুলিশ জানিয়েছে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ৩ ফেব্রুয়ারি বিকেলে থানার চৌধুরীনগর এলাকার নার্গিস আক্তারের শিশুপুত্র নাজমুল ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় নার্গিস আক্তার তাঁর দ্বিতীয় স্বামী মো. সুমন সরকারকে সন্দেহ করেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নার্গিস কয়েক মাস আগে সুমনকে বিয়ে করেন। ওসি মহিউদ্দিন জানান, ২১ ফেব্রুয়ারি বিকেলে সুমন চন্দ্রনগর বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন শিশু নাজমুলকে মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে চোরচক্রের সহায়তায় লোহাগাড়ার সুজিত সর্দারের কাছে বিক্রি করা হয়। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের অন্য পাঁচ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে। পরে গত বুধবার লোহাগাড়ার সর্দারপাড়া থেকে শিশু নাজমুল ইসলামকে উদ্ধার করা হয়। ১৬ ফেব্রুয়ারি বায়েজিদ থানার শান্তিনগর এলাকা থেকে অন্য একটি শিশুকে চুরি করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে গ্রেপ্তার সুমন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়া থানার নাইখাইন এলাকা থেকে ২৭ দিন বয়সী ফাতেমা খাতুনকে উদ্ধার করে পুলিশ। ফাতেমাকে বিক্রি করা হয় ৭০ হাজার টাকায়। ওসি মহিউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ছয়জনই সংঘবদ্ধ শিশু চোরচক্রের সদস্য। এই চক্রে আছে নগরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কয়েকজন কর্মচারী। মূলত তাঁরাই হাসপাতাল ও ক্লিনিকে সন্তান জন্ম নেওয়া ও নিঃসন্তান দম্পতির ঠিকানা চক্রের অন্য সদস্যদের দিয়ে থাকেন। এর ভিত্তিতে যোগাযোগের মাধ্যমে চুরি করা শিশু ৬০ হাজার থেকে দুই লাখ টাকায় বিক্রি করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।