চট্টগ্রামে ২৭ মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ সন্ত্রাসী ও সাবেক মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে দায়ের করা চাঞ্চল্যকর ২৭ মামলার বিচার বছরের পর বছর আটকে আছে। এই মামলাগুলো ১৩৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। এই ট্রাইব্যুনালে বর্তমানে মাত্র তিনটি মামলা চলছে।
২৭ মামলার কার্যক্রম বন্ধ আছে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে। স্থগিত মামলাগুলোর মধ্যে রয়েছে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের দুর্নীতি মামলা, বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর মামলা এবং শীর্ষ সন্ত্রাসী মামুনুর রশীদ, হেলাল আকবর চৌধুরীর বিরুদ্ধে খুনের মামলা ইত্যাদি।
বছরের পর বছর মামলাগুলো স্থগিত থাকায় হতাশ হয়ে পড়েছেন বাদী ও নিহতদের স্বজনেরা। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, কয়েক মাস মামলাশূন্য থাকার পর মাত্র তিনটি মামলা নিয়ে চলছে ট্রাইব্যুনালের কার্যক্রম। ১৩৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য পাঠানো চাঞ্চল্যকর ২৭ মামলা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দেওয়ায় বছরের পর বছর বিচার হচ্ছে না। আট থেকে ১০ বছর ধরে কয়েকটি মামলা স্থগিত রয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলাগুলোর বিচার শুরুর জন্য অ্যাটর্নি জেনারেলকে জানানো হবে।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেছেন, স্থগিতাদেশ থাকা মামলাগুলোর তালিকা নিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে, যাতে মামলাগুলো সচল হয়।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থাকা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। কিন্তু আসামি শাহাদাত হোসেন উচ্চ আদালত থেকে ছয় মাসের স্থগিতাদেশ নেন গত ২১ জুলাই। এ কারণে ৫ আগস্ট দিন ধার্য থাকলেও সাক্ষ্য গ্রহণ হয়নি। স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য তিনি আইনি লড়াই চালাবেন বলে জানান।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামে র্যাব-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ-যুবলীগের ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া ছাত্রদলের কর্মী খুনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় জেলার চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটি। কিন্তু উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় মামলাটির বিচার চলছে না। বাবর ছাড়া মামলার অন্য আসামিরা হলেন ছাত্রলীগের ক্যাডার সুনীল দে, মফিজুর রহমান দুলু, সুরজিত বড়ুয়া, উৎপল কুমার চৌধুরী, ইফতেখার, জাফর উল্লাহ, শাহনেওয়াজ, হুমায়ুন কবির ও হাফিজুর রহমান।
নয় আসামি পলাতক থাকলেও হেলাল আকবর মহাজোট সরকারের শেষ সময়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন। তাঁর নেতৃত্বে গত বছরের জুন মাসে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের বন্দুকযুদ্ধে দুজন নিহতের ঘটনায় ফের গ্রেপ্তার হন তিনি। বর্তমানে জামিনে রয়েছেন হেলাল আকবর।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে ছাত্রদলের কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে বাবরসহ ১০ আসামির বিরুদ্ধে। বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে মামলাটি। এ মামলায় ১১ জন সাক্ষী রয়েছেন। তবে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। ২০০৩ সালের ১৮ আগস্ট দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।
মামলার বাদী নিহতের ছোট ভাই সেলিম খান বলেন, ‘১৮ বছরেও ভাই হত্যার বিচার পাইনি। আদৌ পাব কি না, জানি না।’
একইভাবে সন্ত্রাসী মামুনুর রশীদের বিরুদ্ধে দায়ের হওয়া আবু তাহের হত্যা মামলার বিচারও থমকে আছে স্থগিতাদেশের কারণে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। বাদী মোহাম্মদ উল্লাহ বলেন, ২৫ বছরেও হত্যা মামলাটির বিচার না পেয়ে তিনি হতাশ।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা দুদকের দুর্নীতি মামলার কার্যক্রম আট বছর ধরে স্থগিত রয়েছে। একইভাবে বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা স্থগিত হয়ে আছে আট বছর ধরে।
এ ছাড়া বছরের পর বছর স্থগিত থাকা চাঞ্চল্যকর মামলাগুলো হলো: ১৯৯৬ সালে পলিটেকনিক শিক্ষার্থী জসিমউদ্দিন হত্যা মামলা, ২০০০ সালে কুমিল্লার চৌদ্দগ্রামের কাজী নাছির উদ্দিন হত্যা মামলা, ২০০১ সালে চন্দনাইশের সেলিম সারোয়ারসহ পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র মামলা, চন্দনাইশের আজিজুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা, ২০০১ সালে ফেনীর আবু নাছির প্রকাশ নাছের গংয়ের বিরুদ্ধে অস্ত্র মামলা, ২০০২ সালে ফেনীর হানিফ খানের বিরুদ্ধে ডাকাতি মামলা, ২০০৩ সালে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার সালাউদ্দিন, জানে আলমের বিরুদ্ধে অস্ত্র মামলা, ২০০৩ সালে মেঘনা থানার আতাউর রহমান ওরফে আবদুল বাতেনের বিরুদ্ধে অস্ত্র মামলা, ২০০৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ হত্যা মামলা, ২০০৫ সালে কুমিল্লার মেঘনা থানার মুজিবর রহমান ওরফে মজিবের বিরুদ্ধে অস্ত্র মামলা, ২০০৬ সালে কুমিল্লার শামছুল হক হত্যা মামলা, ২০০৭ সালে কোতোয়ালি থানার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অস্ত্র মামলা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিনটি হত্যা মামলার বিচার চলছে বর্তমানে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে। অথচ চট্টগ্রাম আদালতে প্রায় এক লাখ ৩০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা থেকে আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য জেলা চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটি সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠায়। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে মামলাগুলো বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। বিভিন্ন সময়ে বিচারের জন্য আসা চাঞ্চল্যকর ২৭ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।