চট্টগ্রামে পোশাকশিল্প কারখানার শ্রমিকদের বেতন-ভাতা আগামী ৩ নভেম্বর পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। ওই দিন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধের জন্য নগরে পুলিশের টহল জোরদার করা হবে। গতকাল শনিবার দুপুরে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রায় সাড়ে সাত শ কারখানায় ছয় লাখের বেশি শ্রমিক কাজ করছেন। ঈদুল আজহা উপলক্ষে ৩ নভেম্বর তাঁদের বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত হয়। পাশাপাশি কারখানাগুলোয় ঝুট ব্যবসা নিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার মালিকেরা পুলিশের সাহায্য চেয়েছেন। পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। গতকাল আগ্রাবাদে বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ, আমেনা বেগম, শিল্পাঞ্চল পুলিশের পরিচালক ওসমান গণি, বিজিএমএইর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরীসহ কারখানার অনেক মালিক উপস্থিত ছিলেন। পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বেতন-ভাতা পরিশোধের দিন কারখানাগুলোয় পুলিশের টহল জোরদার করা হবে এবং সাদা পোশাকে কারখানাগুলোর সামনে পুলিশ থাকবে।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত থাকবে বলে পুলিশ তাঁদের আশ্বাস দিয়েছে।