চট্টগ্রামে ৩ নম্বর সতর্কতা বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা
আষাঢ়ের প্রথম দিনে গতকাল শুক্রবার চট্টগ্রামে প্রবল বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির সময় লালখান বাজারে দেয়াল ধসে আহত হয়েছে তিনজন।আহত ব্যক্তিদের মধ্যে এনামুল হক (৪০) ও ফাহিমের (১২) নাম জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি। এনামুল ও ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃষ্টি শুরু হওয়ার পর সন্ধ্যায় লালখান বাজারের হোটেল সিলমুনের পেছনের একটি বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটে।বিকেল থেকে নগরে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত পতেঙ্গায় ২৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর পরই মূলত মুষলধারে বৃষ্টি হয় নগরে। এতে নগরের মেহেদীবাগ, প্রবর্তক মোড়, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদ, বাদুরতলা, চকবাজার, পাঁচলাইশ মুরাদপুর, বাকলিয়া, সিডিএ আবাসিক এলাকা, কমার্স কলেজ রোড, মোগলটুলীসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে গেছে। এ সময় সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যায়। রিকশা ও অটোরিকশা বিভিন্ন সড়কের গর্তে আটকা পড়ে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি বায়ু মাঝারি থেকে প্রবল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।