চট্টগ্রামে ৩ 'মানবপাচারকারীকে' গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর বড়পুল এলাকার একটি বাসা থেকে আজ মঙ্গলবার ভোরে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দাবি, তাঁরা মানবপাচারে জড়িত। তাঁদের কাছ থেকে ৩৩টি এমআরপি পাসপোর্ট, লিবিয়ার জাল ভিসা ও ভারতের দিল্লিসহ বিভিন্ন দূতাবাসের জাল সিল জব্দ করার দাবি করেছে সিআইডি।

আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন আলী আকবর (৩৯), বাহারউদ্দিন (২৮) ও শাহ বায়েজিদউল্লাহ (২২)। তিনজনেরই বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।

সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. মুসলিমের ভাষ্য, উদ্ধার হওয়া পাসপোর্টগুলো বেশির ভাগই গোপালগঞ্জ, মাদারীপুর ও উত্তরাঞ্চলের। তিন থেকে চার লাখ টাকা নিয়ে উত্তরাঞ্চলের অসহায় মানুষদের বিদেশে পাচার করত চক্রটি। এ ঘটনায় হালিশহর থানায় মানবপাচার আইনে সিআইডি মামলা করেছে বলে জানিয়েছে।

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আলী আকবরের ভাষ্য, তিনি মানবপাচারকারী নন। ঢাকার একটি ট্রাভেল এজেন্সি থেকে এক ব্যক্তি তাঁকে পাসপোর্ট নিয়ে চট্টগ্রামে পাঠিয়েছেন।

এ ব্যাপারে অন্য দুজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।