চট্টগ্রামে ৩০ পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি
চট্টগ্রামের ৩০টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছে৷ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হিসাবে ৩০টি পাহাড়ে অন্তত ১০ লাখ মানুষ বসবাস করে৷
২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড় ধসের পর ১২টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়৷ গত বছর আরও একটি পাহাড়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়৷ এখন নতুন করে আরও ১৭টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷
গত বছর পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১১তম সভায় নতুন করে ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরের পরিচালককে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়৷ কমিটি গত মাসে নতুন তালিকা জমা দেয়। দ্বাদশ সভায় নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসককেও (রাজস্ব) নতুন করে পাহাড় নির্ধারণের জন্য দায়িত্ব দেওয়া হয়।
ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত পাহাড়ের মধ্যে অন্যতম জঙ্গল ছলিমপুর বাস্তুহারা পাহাড়। ২৫ বছর ধরে পাহাড়টিতে মানুষ বসবাস করে এলেও এত দিন এটি ঝুঁকির তালিকার বাইরে ছিল। এখানে কয়েক লাখ মানুষ বসবাস করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেখানে পাহাড় কেটে ও পাহাড়ের পাদদেশে বসতি গড়ে তোলা হয়েছে৷ দিন দিন সেখানে বসতির সংখ্যা বাড়ছে।
একইভাবে কাট্টলী থেকে সীতাকুণ্ড পর্যন্ত চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এবং খাঁজে দিন দিন বসতি গড়ে উঠছে। আকবর শাহ কলোনির রেলওয়ের পাহাড়ে ২০১২ সালে ভয়াবহ পাহাড় ধস হয়। এই পাহাড়টিকে এবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘এত দিন ১৩টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ বলা হতো। এখন তা বেড়ে ৩০ হলো। পাহাড়ে বসবাসকারী লোকের সংখ্যা ১০ লাখের কম হবে না। এর মধ্যে অনেকে ঝুঁকির মধ্যে রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ছলিমপুর বাস্তুহারা কলোনিটি অনেক পুরোনো। ওখানে আমরা দেখেছি অনেক পরিবার পাহাড়ের নিচে খাঁজে ঝুঁকিতে বসবাস করছে। এগুলো এত দিন তালিকার বাইরে ছিল।’
এদিকে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদেরের নেতৃত্বে একটি কমিটি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি নির্ধারণে কাজ করেছে। ওই কমিটি ৩০টি পাহাড়ের মধ্যে নগরের ১১টি পাহাড়ে ৬৬৬টি পরিবার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণভাবে বাস করছে বলে প্রতিবেদন দেয়।
এ বিষয়ে এস এম আবদুল কাদের বলেন, ৬৬৬টি পরিবারে গড়ে ছয়-সাত জন করে সদস্য রয়েছে। এ ছাড়াও অনেক বসতি রয়েছে কিছুটা ঝুঁকিপূর্ণ।
২০০৭ সালে পাহাড় ধসের পর পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। ওই কমিটি বসতি রয়েছে এ রকম ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকা তৈরি করে।
থেমে নেই দুর্ঘটনা: পাহাড় ধসে সবচেয়ে বড় মৃত্যুর ঘটনাটি ঘটে ২০০৭ সালের ১১ জুন৷ সেদিন ১২৭ জনের প্রাণহািন ঘটে৷ গত বছর লালখান বাজার টাংকির পাহাড়ে দুজন নিহত হন। এর আগে ২০১২ সালে চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসে ২৮ জন নিহত হন। ২০১১ সালের ১ জুলাই বাটালি পাহাড়ের দেয়ালসহ পাহাড় ধসে ১৭ জন নিহত হন। ২০১০ সালে তিনজন নিহত, ২০০৯ সালে তিনজন আহত, ২০০৮ সালে মতিঝর্নায় ১৪ জন নিহত হন।