চট্টগ্রামে ৩০০ বেকারি চলছে খুঁড়িয়ে
চট্টগ্রামে ছোট-বড় প্রায় ৩০০ বেকারি খুঁড়িয়ে চলছে বলে জানা গেছে। বেকারির পণ্য তৈরির অন্যতম উপাদান ময়দা, গ্যাস ও বিদ্যুতের ক্রমাগত দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন এর মালিকেরা। ভোক্তাদের কথা বিবেচনা করে পণ্যের দাম বাড়ানোর ঝুঁকি নিতেও চাইছেন না তাঁরা। এ অবস্থায় ব্যবসা বাঁচাতে সরকারের সহযোগিতা চেয়েছেন বেকারির মালিকেরা।চট্টগ্রাম বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, কয়েক মাস ধরে বাজারে ময়দার দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দামও। ইতিমধ্যে বেশির ভাগ বেকারিতে শ্রমিক-সংকট দেখা দিয়েছে। কারণ, খরচ সামলাতে গিয়ে শ্রমিকের বাড়তি চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে বেকারির মালিকদের অস্তিত্ব রক্ষার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন।জানা যায়, গত জুলাই মাস থেকে ময়দার দাম বাড়তে শুরু করেছে। প্রতি বস্তায় ৩০০ থেকে ৪০০ টাকা হারে দাম বাড়ছে। একটি বস্তায় ৫০ ও ৭৪ কেজি ময়দা থাকে। গত সোমবার বাজারে ৫০ কেজি ওজনের ময়দার বস্তার দাম ছিল এক হাজার ৯৬০ টাকা এবং ৭৪ কেজি ওজনের ময়দার দাম রাখা হয় দুই হাজার ৮৮০ টাকা। ময়দার মিল মালিকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ময়দার দাম বেড়ে যাওয়ায় তাঁরা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।চট্টগ্রামের জিমি ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাঁচ মাস ধরে আন্তর্জাতিক বাজারে ময়দার দাম বাড়তে শুরু করেছে। এখানে আমাদের করার কিছু নেই। ফলে স্বাভাবিকভাবেই বাজারে এর প্রভাব পড়ছে।’জানা যায়, পাউরুটি ও বিস্কুট তৈরির একটি বেকারিতে প্রতিদিন কমপক্ষে এক থেকে দেড় হাজার বস্তা ময়দার প্রয়োজন হয়। এ ছাড়া বিস্কুট কারখানায় ২০-২৫ জন এবং পাউরুটি কারখানায় ১০-১২ জনের মতো শ্রমিকের প্রয়োজন হয়।চট্টগ্রামের চাক্তাই এলাকার মিলকি বেকারির মালিক ফারুক উদ্দিন চৌধুরী বলেন, ‘উৎপাদন খরচ যেভাবে বাড়ছে, এভাবে বেশি দিন অস্তিত্ব ধরে রাখা যাবে না। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ইচ্ছামতো যখন-তখন পণ্যের দাম বাড়ানোও সম্ভব নয় আমাদের পক্ষে।’