চট্টগ্রামে ৩৩টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকার জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেটসংলগ্ন নালা থেকে গতকাল বৃহস্পতিবার ৩৩টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় নালার মধ্যে মেয়াদোত্তীর্ণ এসব শেল পড়েছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি বাজারের থলেতে ভরা কাঁদানে গ্যাসের শেলগুলো নালার পানিতে ভাসছিল। গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন শেলগুলো দেখে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।কাঁদানে গ্যাসের শেলের গায়ে মেয়াদ লেখা রয়েছে ২০১১ সাল। ৩৩টি শেলের মধ্যে একটি খালি ছিল। বাকি ৩২টি গ্যাস পূর্ণ ছিল। ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ‘এসব কাঁদানে গ্যাসের শেল কাদের, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’ জানা গেছে, পুলিশও একই ধরনের কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। অন্যান্য বাহিনীও একই ধরনের শেল ব্যবহার করে। কাঁদানে গ্যাসের শেলের গায়ে তৈরির সময় লেখা রয়েছে, মে ২০০৬ সাল। আর মেয়াদোত্তীর্ণ মে ২০১১ সাল। কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই উৎপল বড়ুয়া বলেন, উদ্ধার করা কাঁদানে গ্যাসের শেলগুলো পুলিশ ও অন্যান্য বাহিনী ব্যবহার করে। এগুলো কাদের—তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।