চট্টগ্রামে ৩৩৭ মণ ডিমওয়ালা ইলিশ ও জাটকা জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ড, পতেঙ্গা ও পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে ৩৩৭ মণ ডিমওয়ালা ইলিশ ও জাটকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পতেঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়।পুলিশ ও জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, পতেঙ্গা উপকূলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয়। এ সময় মো. আবদুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মণ জাটকাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে। নগরের কোনো থানায় ইলিশ ধরার অভিযোগে এটি প্রথম মামলা বলে প্রদীপ দাশ জানান।পাহাড়তলী থানার পুলিশ গতকাল সকালে স্থানীয় বাজার থেকে এক মণ জাটকা ও ডিমওয়ালা ইলিশ জব্দ করে। বাকি ৩৩৫ মণ ইলিশ জব্দ করা হয় সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে।জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব জানান, কুমিরা উপকূলে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা অভিযান চালিয়ে ৩৩৫ মণ ডিমওয়ালা ইলিশ ও জাটকা উদ্ধার করেন। বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। এর মধ্যে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সফির কাছ থেকে ১০০ মণ ও নুরুল আলম সওদাগরের মাছের ঘর থেকে ১৬০ মণ ইলিশ পাওয়া যায়। এ ছাড়া আরও কয়েকজনের মাছের ঘর থেকে ৭৫ মণ ডিমওয়ালা ইলিশ ও জাটকা জব্দ করা হয়। মাছগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুক্রবার সকালে চার লাখ ৪৮ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয় বলে তিনি জানান।