চট্টগ্রামে ৩৫টি বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের পঞ্চম দিন গত সোমবার রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নগরের চারটি এলাকা থেকে ছোট-বড় ৩৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। অভিযানের সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত সোমবার রাতে নগরের অক্সিজেন-মুরাদপুর সড়ক থেকে চারটি, জিইসি মোড় থেকে ১১টি, বাদামতলী ও বারিকবিল্ডিং মোড় থেকে ১৬টি ও টাইগারপাস থেকে চারটি বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানে নগর পুলিশের সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন জানায়, দিনের বেলায় যানজট এড়াতে রাতে বিলবোর্ড অপসারণের কার্যক্রম চালানো হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, অভিযানের পঞ্চম দিনে ছোট-বড় ৩৫টি বিলবোর্ড অপসারণ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত বৃহস্পতিবার নগরের অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু হয়। এর আগে গত বছরের ১ জুন বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছিল সিটি করপোরেশন। প্রায় মাসব্যাপী ওই অভিযানে ছোট-বড় ১৮৩টি বিলবোর্ড অপসারণ করা হয়েছিল।