চট্টগ্রামে ৪ দালালকে কারাদণ্ড, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় লাখ টাকায় তুরস্ক যাওয়ার প্রলোভনে পড়েছিলেন ঢাকার মিরপুরের দুই ভাই মো. মুরাদ হোসেন ও মো. নুরুজ্জামান। দুবাইয়ের উদ্দেশে গত রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল দুজনের। দুবাই থেকে ইরান হয়ে তুরস্ক। কিন্তু বিমানবন্দরে তাঁদের কাছ থেকে যখন এক হাজার ডলার ছিনিয়ে নিতে চাইছিল দালাল চক্র, তখন সন্দেহ হয়। পরে আনসার সদস্য ও অভিবাসন কর্মকর্তাদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, ভিসা-টিকিটসহ সবই জাল।
দুই ভাই বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের বিষয়টি জানালে চার দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। শাস্তির পর রোববার রাতেই চারজনকে কারাগারে পাঠানো হয় বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
সাজা পাওয়া চারজনের মধ্যে খুলনার আশরাফুর রহমানকে (৩৫) এক বছর, মাদারীপুরের মনির ফরাজীকে (৩৫) ছয় মাস, টাঙ্গাইলের হারুন সিকদারকে (৩৮) তিন মাস ও ব্রাহ্মণবাড়িয়ার আবদুল হালিমকে (৪১) তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
প্রতারিত দুই ভাই হলেন ঢাকার মিরপুরের মো. মুরাদ হোসেন (৩২) ও মো. নুরুজ্জামান (৩০)। তুরস্ক পাঠানোর কথা বলে শুক্রবার ঢাকা থেকে দুজনকে চট্টগ্রাম নিয়ে আসে দালাল চক্র। তাঁদের রাখা হয় নগরের চৌমুহনী এলাকার একটি হোটেলে।
ম্যাজিস্ট্রেট বলেন, প্রতারণার মাধ্যমে মানব পাচারের চেষ্টা করছিলেন ওই চার ব্যক্তি। তাঁদের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের আরও কয়েকজন জড়িত। তাঁরা দুই ভাইয়ের কাছ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা নেন।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে দুই ভাই মুরাদ ও নুরুজ্জামান তাঁদের প্রতারিত হওয়ার কাহিনি বর্ণনা করেন। দুজনে পোশাকের ব্যবসা করেন। নয় মাস আগে ইরফান নামের এক ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় হয়। ইরফান নয় লাখ টাকায় দুজনকে তুরস্ক নিয়ে যাওয়ার প্রস্তাব দেন।
মুরাদ হোসেন বলেন, ‘আমরা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা দিয়েছি তাদের। এ ছাড়া নয় লাখ টাকার চেকও দিয়েছি। রোববার বিমানবন্দরে নিয়ে গিয়ে বিমানে তুলে দেওয়ার কথা ছিল আমাদের। পরে আমাদের কাছ থেকে ডলার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সন্দেহ হয়। তখন বিমানবন্দরের আনসারের সাহায্য নিই। তখন বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা দালালদের হাতে থাকা আমাদের পাসপোর্ট ও ভিসা দেখে বলেন, ভিসা-টিকিট সবকিছু জাল। তখন আনসার সদস্যরা চারজনকে আটক করেন।’
দণ্ডপ্রাপ্ত আশরাফুর রহমান ভ্রাম্যমাণ আদালতকে বলেছেন, তাঁদের চক্রের সঙ্গে বিমানবন্দরের কিছু পুলিশ ও কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।