চট্টগ্রামে ৪০ বস্তা ভেজাল মসলা আটক
চট্টগ্রামের মিয়াখান নগরে তিনটি কারখানায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৪০ বস্তা বিভিন্ন ধরনের ভেজাল মসলা আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।আটক বস্তাগুলোর মধ্যে আছে ব্যবহার অনুপযোগী পচা ও ভেজা মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া, চালের ভুসি, লাল ও কালো রঙের রাসায়নিক দ্রব্য ইত্যাদি। অভিযানকালে এনামুল হক, আনোয়ার হোসেন এবং সোলায়মান নামের তিনজনকে আটক করা হলেও একপর্যায়ে এনামুল পালিয়ে যান। এ সময় তিনি বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদের হেফাজতে ছিলেন।একজনের পালানোর বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘এনামুলসহ তিনজনকে আটক করে আমি এসআই মাহবুবের কাছে দিয়েছি। এখন যদি তাঁর কাছ থেকে পালিয়ে যায় তাহলে তাঁকেই জবাবদিহি করতে হবে। এটা দায়িত্বে অবহেলার মতো ব্যাপার।’পুলিশ জানায়, ওই তিন কারখানায় মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়ার সঙ্গে চালের ভুসি ও রং মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল। এ তিন কারখানার মালিক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।